
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের এক সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. কামরুল আলম, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্য মো. মশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ।
সভায় বক্তারা বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব পালন এবং তথ্য সংগ্রহের অধিকারে বাধা সৃষ্টির শামিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
তাঁরা আরও বলেন, রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলার শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা সাংবাদিকদের ওপর শারীরিক হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।
সভায় নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। এ ঘটনায় দুই সাংবাদিক রক্তাক্ত অবস্থায় আহত হন।
এদিকে, সভায় সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৭ নভেম্বর থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে।
এ উপলক্ষে ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খানকে আহ্বায়ক এবং ক্লাব সদস্য মো. আলমগীর আলমকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন তথ্যপ্রযুক্তি সম্পাদক কামরুল আলম, সাধারণ সদস্য ফাহিম আহমদ ও মো. আমির উদ্দিন।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]