ভঙ্গুর থেকে স্থিতিশীল করে যাওয়াই বড় স্বস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১
ভঙ্গুর থেকে স্থিতিশীল করে যাওয়াই বড় স্বস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই মন্ত্রণালয় এখন ‘অনেক স্থিতিশীল’।


মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রণালয়ে বিদায় সম্বর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।


নির্বাচন নিয়ে জাহাঙ্গীরের ভাষ্য, "ফ্রি, ফেয়ার, অ্যান্ড ক্রেডিবল, উৎসবমুখর নির্বাচন দিয়ে যেতে পেরে আমি অনেক সন্তুষ্ট।"


গেল দেড় বছরে দায়িত্ব পালনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি ধরনের দুর্বলতা ছিল জানতে চাইলে তিনি বলেন, "আমার বড় সন্তুষ্টি আমি যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায় ছিল এখন একটা স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে।"


পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কি ধরনের চ্যালেঞ্জ রেখে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, "তার জন্য শুধু আমার দোয়া। আমরা যতটুকু রেখে গেছি উনি উত্তরোত্তর আরো ভালো করবেন। উনার জন্য শুভকামনা, উনি আরো ভালো করবেন।"


নির্বাচনে আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, "তারা একটি অসাধারণ কাজ করেছে। অনেক প্রশ্ন ছিল নির্বাচন হবে কি হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে। কিন্তু আল্লার ইচ্ছায় সকলের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য হয়েছে। কোথাও কোনো বড় ধরনের সন্ত্রাসের ঘটনা ঘটেনি।"


তবে সিলেটের কুলাউড়ায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, “সেখানে একটা ঘটনা ঘটেছিল তবে সাথে সাথে তা উদ্ধার হয়েছে।”


আরও বলেন, “পাসপোর্টে পুলিশি ছাড়পত্র উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিছুটা স্বস্তি এসেছে তবে পুরোটা স্বস্তি এসেছে আমি বলবো না।"


দেড় বছরে সবকিছুই করে যাওয়া ‘সম্ভব নয়’ মন্তব্য করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশেই থাকছি। এক ছেলে এক মেয়ে আছে। নাতি নাতনি আছে তাদের নিয়েই দেশে আছি।"


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com