
পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের শহর থেকে গ্রাম যেখানেই দেখা যাবে, সেখানেই লাঠিপেটা করার নির্দেশ দিয়েছেন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি নাহার আলী।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুহনহাট গোলচত্বরে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে এক বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
বক্তব্যে নাহার আলী বলেন, বিগত ১৭ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে অন্যায়-অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়েছে। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরকে ঘিরে আবারও সারাদেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তাই ফ্যাসিস্ট নেতাকর্মীদের দেখামাত্র লাঠিপেটার মাত্র উপযুক্ত জবাব দিতে হবে।
ঈশ্বরদী উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জুর রহমান সরদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মইনুল হক সরদার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য জুলফিকার লিপন মতিন, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি শাজাহান মালিথা, জাহাঙ্গীর আলম শাহীন ও হাফিজুর রহমান ভোলা, যুগ্ম সম্পাদক আরব আলী ফকির, সাংগঠনিক সম্পাদক ওমর শরীফ হানিফ মহলদার, সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধা, সলিমপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সেলিম মন্ডল, দাশুড়িয়া ইউনিয়ন কৃষকদল নেতা হান্নান সরদার, লক্ষীকুন্ডা ইউনিয়ন কৃষকদল নেতা মিন্টু সরদার, পাকশী ইউনিয়ন কৃষকদল নেতা সাইফুল ইসলাম ও স্বপ্না খাতুনসহ স্থানীয় নেতারা।
সভায় আগামী ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
পাশাপাশি উপজেলা কৃষকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েক শ কৃষকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]