মাদারীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২
মাদারীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মাদারীপুর জেলার কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।


শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলেও।


জানা গেছে, রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।


মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


এ সময় বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় মাছবাজারসহ আশপাশের এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আতঙ্কে সাধারণ মানুষও নিরাপদ আশ্রয়ে সরে যান। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com