
নাটোরে ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে তারা স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার বিষয়টি দেখতে পান।
স্থানীয় ডিম ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে এ দিকে আসার পর দেখি, জুলাই স্মৃতিস্তম্ভে কে বা কারা আগুন দিয়েছে। যারা এ কাজ করেছে, তারা ঠিক করেনি। এটি অবশ্যই অন্যায়।
স্থানীয় চা-দোকানি খোকন বলেন, প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে দোকান খুলতে আসি। তখন দেখি, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এতে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে কারা এ কাজ করেছে, তা তিনি দেখেননি।
এ বিষয়ে নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। কিছুক্ষণ আগেই বিষয়টি জানতে পেরেছেন। কী ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে তারা আগুন দেয়ার ঘটনার খবর পান। ঘটনাস্থলে যাওয়ার আগে টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারেন, আগুন নিভে গেছে। এ কারণে পরে আর সেখানে যাওয়া হয়নি।
এ দিকে নাটোর-বগুড়া মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মশাল মিছিল করেছেন বলে জানা গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]