
ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের আওতায় আট বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
নথিপত্র অনুযায়ী, আটজনের প্রত্যাবাসন প্রক্রিয়া দুটি পৃথক শিডিউলে সম্পন্ন হয়। এর মধ্যে সাতজনের অনুকূলে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (কনস্যুলার) গত ৯ নভেম্বর ট্রাভেল পারমিট ইস্যু করেন। পরে এফআরআরও কলকাতা গত ১৬ নভেম্বর তাদের প্রত্যাবাসনের আদেশ জারি করে। অন্যদিকে, সাতক্ষীরার জাহাঙ্গীর বিশ্বাসের অনুকূলে ভারতের চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে গত ২৮ আগস্ট ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরে তিরুচিরাপল্লী আরবান এলাকার এফআরও দপ্তর গত ২৩ নভেম্বর তার অনুকূলে এক্সিট পারমিট দেয়।
দেশে ফেরা আটজন হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আম্বিকাপুর এলাকার উত্তর শোভারামপুর গ্রামের রওশন সিকদারের ছেলে এস এম রাসেল, চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার হরি মন্দির ও কাস্টম একাডেমি-সংলগ্ন এলাকার প্রেম দাসের ছেলে রতন দাস, কুমিল্লা জেলার লালমাই থানার বাগমারা মধ্যমপাড়া গ্রামের লে. সোবাহান মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়া, নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ি এলাকার সুমেরুখোলা গ্রামের অনাথ বিশ্বাসের ছেলে আপন বিশ্বাস, যশোর জেলার মনিরামপুর থানার রাজগঞ্জের হানুয়ার পূর্বপাড়া গ্রামের ফারুক সরদারের ছেলে আবির সরদার, বরগুনা জেলার সদর থানার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব দুপ্তি এলাকার পশ্চিম দুপ্তির ইউনুস খানের ছেলে সামিম খান ওরফে কায়ুম, পঞ্চগড় জেলার সদর থানার বিরাজোত সাতমেরা গ্রামের লে. তাজিম উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন এবং সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা মোবারকনগর ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের জহুর আলী বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর বিশ্বাস।
হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন কর্মকর্তা, বিএসএফের কোম্পানি কমান্ডার, স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি এবং জাহাঙ্গীর বিশ্বাসের ক্ষেত্রে তামিলনাড়ু পুলিশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। অন্যদিকে, বাংলাদেশের পক্ষে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার উপস্থিত থেকে তাদের গ্রহণ করেন।
বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান জানান, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া শেষে আট বাংলাদেশি নাগরিককে গ্রহণ করা হয়েছে। পরে কাগজপত্রের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, থানার আইনানুগ প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের নিজ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থার প্রতিনিধিরা তাদের গ্রহণ করেছেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, স্বদেশে প্রত্যাবর্তন করা বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময়ে সীমান্তপথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হন। পরে তারা বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে দুই দেশের এনজিও সংস্থার যোগাযোগের মাধ্যমে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন। জাস্টিস অ্যান্ড কেয়ারের সার্বিক সহযোগিতায় ফেরত আসাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
বিবার্তা/ইয়ানূর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]