
পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে চালানো হচ্ছে মাইকিং।
বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। অন্যদিকে, দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত যাতায়াত ও টহল পরিচালনায় কাজে লাগানো হচ্ছে বিশেষায়িত যান এটিভি। এসব ব্যবস্থার মাধ্যমে সীমান্তের সার্বিক নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে বিজিবি।
এদিকে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। এসব প্রচারণায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ডের বিষয়ে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের অনুরোধ করা হচ্ছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]