ইয়েমেনে ৪ প্রদেশে বিমান হামলা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১
ইয়েমেনে ৪ প্রদেশে বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অবস্থান ও যানবাহন লক্ষ্য করে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হামলা চালিয়েছে সরকারি বাহিনী। পাল্টা অভিযোগ করে হুতিরা বলছে, তায়েজ, আল-হুদায়দা ও সা’দা প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।


শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়।


এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহজ প্রদেশে একটি টহল দলের ওপর বিস্ফোরণের ঘটনায় আহত এক নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। অন্যদিকে, তায়েজে সরকারি অবরোধবিষয়ক দপ্তর জানিয়েছে, গত আগস্ট থেকে প্রদেশটিতে হুতির হামলায় ২০০ জনের বেশি নারী ও শিশু নিহত বা আহত হয়েছেন।


তায়েজ ও আল-জাওফে সরকারি বাহিনীর হামলা


শুক্রবার এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, দক্ষিণ তায়েজের আল-আকরা ফ্রন্টে মাউন্ট ধাহিহ এলাকায় গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে ওই বিমান হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।


তায়েজের দক্ষিণ প্রবেশপথের কাছাকাছি অবস্থান এবং শহরের বড় একটি অংশের ওপর নজরদারির সুযোগ থাকায় মাউন্ট সাবিরের নিকটবর্তী আল-আকরা ফ্রন্টটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এদিকে, আল-জাওফে গোষ্ঠীটির যানবাহন লক্ষ্য করে কয়েকটি ফ্রন্টে ড্রোন হামলা চালিয়েছে সরকারি বাহিনী। সেনাবাহিনীর আনুষ্ঠানিক ওয়েবসাইট ‘সেপ্টেম্বর নেট’ এ তথ্য জানিয়েছে।


ওয়েবসাইটটিতে হামলার ভিডিও প্রকাশ করা হলেও এর ফলাফল সম্পর্কে কিছু জানানো হয়নি। সৌদি আরবের সঙ্গে স্থলসীমান্ত থাকায় আল-জাওফ প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ ছাড়া হুতি-নিয়ন্ত্রিত সা’দা, আমরান ও সানা প্রদেশের কাছাকাছি এর অবস্থান। একই সঙ্গে সরকারি বাহিনীর প্রভাবাধীন তেলসমৃদ্ধ হাদরামাউত ও মারিব প্রদেশেরও নিকটবর্তী এটি। আল-জাওফের সামরিক নিয়ন্ত্রণ সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে বিভক্ত। প্রাদেশিক রাজধানী আল-হাজমসহ বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটি।


বিস্ফোরণে আহত নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু


লাহজ প্রদেশে গ্রিন সিটি পুলিশের প্রধান ক্যাপ্টেন আওয়াস মোহাম্মদ ইস্কান্দার শুক্রবার মারা গেছেন। তিন দিন আগে সড়কের পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছিলেন তিনি।


স্বাধীন সংবাদমাধ্যম আল-মাসদার অনলাইন স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, চিকিৎসার জন্য একটি হাসপাতালে নেয়ার পর আঘাতের কারণে ইস্কান্দারের মৃত্যু হয়। মঙ্গলবার দক্ষিণ লাহজের আল-ফাইউশ এলাকায় তার টহল দলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন তিনি।


হুতির হামলায় ২০০ নারী ও শিশু নিহত-আহত
তায়েজের সরকারি অবরোধবিষয়ক দপ্তর শুক্রবার জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রদেশটির বিভিন্ন জেলায় হুতির গোলাবর্ষণ ও স্নাইপার হামলায় ৪২ নারী ও মেয়ে শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬১ জন।


গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির মধ্যে সামরিক সংঘাত তীব্র হয়েছে। বিশেষ করে তায়েজ, লাহজ ও মারিব প্রদেশে পরিস্থিতির অবনতি ঘটেছে। এতে ২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে যে আপেক্ষিক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা ভেঙে পড়েছে। চলমান সংঘাত ও বাস্তুচ্যুতির কারণে আগে থেকেই ভয়াবহ মানবিক সংকটে থাকা দেশটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে।


২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে। এর জেরে ২০১৫ সালের মার্চে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সামরিক হস্তক্ষেপ করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com