রবসনের জোড়া গোলে বসুন্ধরা কিংসের টানা চতুর্থ জয়
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২০:০৮
রবসনের জোড়া গোলে বসুন্ধরা কিংসের টানা চতুর্থ জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশ ফুটবল লিগে দাপট ধরে রেখেছে বসুন্ধরা কিংস। রবসন রবিনহোর জোড়া গোলে ফর্টিস এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে দলটি।


এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেও উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কিংস। ১৫ মিনিটে বক্সের মধ্যে রবসনকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তিন মিনিট পর স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান অধিনায়ক।২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল কিংস। তবে কাজেম শাহর শট ফর্টিস গোলরক্ষক সুজন পেরেইরার হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি আক্রমণেও দারুণ সেভ করেন শ্রীলঙ্কান এই গোলরক্ষক।


বিরতির ঠিক আগে আবারও গোলের সুযোগ তৈরি করে কিংস। যোগ করা সময়ে রাকিবের নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন সুজন। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।


দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান রবসন। ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন কিংস অধিনায়ক।


৭২ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ফর্টিস। কর্নার থেকে গোল করে ব্যবধান কমান মিতু চৌধুরী। বলটি কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের নাগালে থাকলেও সতীর্থ রাকিবের মাথায় লেগে জালে জড়ায়। ৮০ মিনিটে আরেকটি কর্নার থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ফর্টিস। তবে জটলার মধ্যে বল বিপদমুক্ত করেন কিংসের ডিফেন্ডাররা।


শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি ফর্টিস। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।


এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট হলো কিংসের। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ পুলিশ এফসি। আজ আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছে দলটি। তবে কিংসের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com