একটা মারলে দুইটা মারবো, প্রয়োজনে জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১
একটা মারলে দুইটা মারবো, প্রয়োজনে জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না না, কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই, মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা যায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে।


এ ছাড়া আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার কিছু সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন আমির হামজা। নিজের হাস্যোজ্জ্বল একটা ছবি দিয়ে লেখা, ‘একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।—মুফতি আমির হামজা।’


পরে অবশ্য আমির হামজার পেজ থেকে ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার পরপর ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার আগে রি–অ্যাকশন পড়ে ২১ হাজার ৮০০। মন্তব্য করেন ১ হাজার ৯০০ জন। শেয়ার হয়েছে ৪৮৩ বার।


খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহান ও আমির হামজা অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা–কর্মীরা এই হামলা চালিয়েছেন।


গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান আমির হামজাসহ দলীয় নেতারা। এ সময় আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই।’


এ সময় পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, ‘সেই কথা তো আমরাও বলি।’ আমির হামজা বলতে থাকেন, ‘মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা ক...।’


এ বিষয়ে বক্তব্য জানার জন্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকের মুঠোফোনে কল করলেও তিনি ধরেননি।


আমির হামজার একান্ত সহকারী (পিএস) মোমিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘এমপি সাহেব মাহফিলে আছেন। এনামুল ভাই ঢাকাতে আছেন। এমপি সাহেব রাতে ঢাকায় যাবেন, সাংগঠনিক সভা আছে।’ ছড়িয়ে পড়া বক্তব্যটি শুনেছেন বলে জানান মোমিন বিশ্বাস। ফেসবুকে পোস্ট করার বিষয়টি তাঁর জানা নেই।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com