
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে হামলা চালানো হলে তার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের যে স্থান থেকেই ইরানে হামলা চালানো হবে, সেই স্থানকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান।
শনিবার (২৮ নভেম্বর) আল-জাজিরা ও ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিন ইরানের প্রতিরোধযুদ্ধবিষয়ক একটি প্রদর্শনী পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ করে এ হুঁশিয়ারি দেন হায়দারি। তিনি বলেন, ইরানে নতুন করে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমাকে গুরুত্ব দিচ্ছে না ইরানের সশস্ত্র বাহিনী। যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত রয়েছে দেশটির সামরিক বাহিনী।
হায়দারি দাবি করেন, বৈশ্বিক ক্ষমতার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্র আর বিশ্বের এক নম্বর শক্তি নয়। ইরানের জনগণের প্রতিরোধ বিশ্বব্যবস্থায় দেশটির নতুন অবস্থান তৈরি করেছে।
হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে এই সামরিক কর্মকর্তা বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক দিক থেকে ইরানের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া দেশীয় উৎপাদন ও স্বনির্ভরতার ওপর গুরুত্ব দেয়ার কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেন হায়দারি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]