
তিনবার শট নিয়েও গোলের দেখা পেলেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ খ্যাত জনপ্রিয় অভিনেতা চাষী আলম। এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে প্রতীকী খেলায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানস্থলে তৈরি করা ছোট্ট শটবারে বল জালে জড়ানোর চেষ্টা করেও তিনবারই ব্যর্থ হন এই অভিনেতা। তবে গোল না পেলেও টুর্নামেন্ট নিয়ে তার আগ্রহে কমতি ছিল না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এবিজি মিডিয়া কাপে কোনো নির্দিষ্ট দলের সমর্থক নন তিনি। যে দল ভালো খেলবে এবং শেষ পর্যন্ত জিতবে, সমর্থন করবেন তাদেরই।
আজ শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে আয়োজিত ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চাষী আলম বলেন, ‘সবাই ভালো খেলবে। তবে যে একটু বেশি ভালো খেলবে, সে-ই জিতে যাবে।’
কোনো নির্দিষ্ট দলের নাম বলতে চান না জানিয়ে তিনি বলেন, ‘আমি কোনো একটা দলের নাম বলব না, কারণ তাতে আমার অন্য ভাইরা মন খারাপ করবে।
আমি আসলে অনেকগুলো দলেরই সাপোর্টার।’
কাউকে কম বা বেশি সমর্থন করছেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘কাউকে কম বা বেশি না, সব দলের জন্যই সাপোর্ট আছে। আসল কথা হলো, যে জিতবে আমি তার সাপোর্ট করব।’
বিভিন্ন গণমাধ্যমের দলগুলোর প্রতি সমান ভালোবাসা ও গুরুত্ব বোঝাতে হাতের পাঁচ আঙুলের উদাহরণও দেন চাষী আলম। তিনি বলেন, ‘এই যে আমাদের পাঁচটা আঙুল—সাইজে কিছুটা ছোট-বড় হলেও সবার কিন্তু অগ্রাধিকার একদম সমান।
আগামী ১ ডিসেম্বর শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৪৮টি গণমাধ্যমের দল। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের এই আয়োজন ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]