
দেশে-বিদেশে যেখানে যাই, সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা শুনতে হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশে সফরেও এনবিআরের কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে। এ পরিস্থিতিতে রাজস্ব প্রশাসনের সংস্কারে ব্যবসায়ীদের মতামত ও সহযোগিতা চেয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করাই এ প্ল্যাটফর্মের লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
অর্থমন্ত্রী বলেন, সরকার সংস্কারে যতই সক্রিয় ও আগ্রাসী হোক না কেন, ব্যবসায়ীদের অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তাই ব্যবসায়ীদের সাহস করে নিজেদের মতামত তুলে ধরতে হবে। সরকার অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হলেও দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
তিনি বলেন, শুধু এনবিআর নয়, সবকিছুর বিষয়ে পারস্পরিক আলোচনা প্রক্রিয়া আমরা অব্যাহত রাখতে চাই। আমরা না রাখলেও আপনাদের পরামর্শ-প্রতিক্রিয়া চাই। বিমা খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তার ভাষ্য, এ খাতে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, পরিস্থিতি ব্যাংক খাতের চেয়েও খারাপ।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক বিমা কোম্পানি গ্রাহকদের বিমা দাবি পরিশোধ করছে না। অথচ এসব প্রতিষ্ঠানের সম্পত্তি কেনা, বিভিন্ন খাতে বিনিয়োগ ও ব্যক্তিগত বিনিয়োগের প্রবণতা রয়েছে। এমনকি বিমার অর্থও অপব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, বিমা খাতে যখন হাত দিয়েছি, দেখলাম প্রভাবশালী লোকজন এখানে আসতে শুরু করেছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।
ব্যবসার ব্যয় কমাতে প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থার মধ্যে আন্তসংযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তার মতে, নিবিড় তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে লেনদেনের সময় কমবে, পাশাপাশি ব্যবসার খরচও হ্রাস পাবে।
পুঁজিবাজারেও লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে একই ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এ জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোর তথ্যব্যবস্থার মধ্যে আন্তসংযোগ স্থাপন করা হবে।
অর্থমন্ত্রী বলেন, এ ব্যবস্থা চালু হলে নিয়ন্ত্রক সংস্থা পুরো লেনদেন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। ফলে ব্রোকারদের কারসাজি, যোগসাজশ ও গোপন লেনদেনের সুযোগ বন্ধ হবে। চট্টগ্রাম বন্দরেও একই ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি মনে করেন, প্রযুক্তিনির্ভর তথ্য আদান-প্রদান, তাৎক্ষণিক লেনদেন ও কার্যকর নজরদারির মাধ্যমে দেশের বাণিজ্যিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি ব্যবসার খরচ কমানো সম্ভব হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]