
নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের অভিযোগ তুলেছেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, ‘আলবদর-রাজাকারের সন্তানেরা এবং স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে। ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, আমার বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত চলছে।
শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফজলুর রহমান।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে, এর কথা বলতে গিয়ে, সেই স্বপ্ন দেখতে ও বাস্তবায়ন করতে গিয়ে আমার ওপর হিমালয় পর্বতের মতো চাপ সৃষ্টি করা হচ্ছে।
তা আমাকে সহ্য করতে হচ্ছে। আমার বিরুদ্ধে এমন চক্রান্ত চলছে, যা বাংলাদেশের কোনো রাজনীতিকের বিরুদ্ধে আগে হয়েছে কি না, আমার জানা নেই।
’
মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণা করে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, ‘যুদ্ধের সময় প্রথম ধনপুরে এসে নেমেছিলাম। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না।
সেই স্মৃতি এখনো আমার মনে গেঁথে আছে। অথচ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে আজ আমাকে স্বাধীনতাবিরোধী শক্তির নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে।’
নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের অভিযোগ তুলে এই সংসদ সদস্য বলেন, ‘আলবদর-রাজাকারের সন্তানেরা এবং স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে। ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, আমার বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত চলছে। আমি বাঁচব কি না, এই চাপ সহ্য করতে পারব কি না, আল্লাহই জানেন। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন।’
তবে সব ষড়যন্ত্র ও অপপ্রচারের অবসান ঘটবে এবং সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের জয় হবে, পরাজয় হবে স্বাধীনতাবিরোধী শক্তির।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে ফজলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য-মিথ্যা বুঝতে পারবেন। তার বিরুদ্ধে চলা ষড়যন্ত্রেরও বিচার করবেন বলে তিনি আশা করেন।
বক্তব্যের শেষ দিকে ফজলুর রহমান বলেন, ‘আমি মনে করি, সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]