ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৪:১২
ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার ১০ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৬ লাখ ২৫ হাজার টন ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন কেনা হবে।


এ জন্য ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।


বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি তেল আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে।


চারটি প্যাকেজের মধ্যে তিনটিতে জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। বাকি প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।


অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ১ লাখ ৫০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ২ হাজার ৪০৫ কোটি ৩৮ লাখ টাকা। এ ছাড়া ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল কিনতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। আর ১ লাখ ২৫ হাজার টন অকটেন আমদানিতে খরচ হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা।


বিপিসির প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচিত করা হয়েছে।


প্যাকেজ পিজি-০৪-এর আওতায় আরও ৯০ হাজার টন ডিজেল আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম ধরা হয়েছে ১৭ দশমিক ৪৫ ডলার। এ প্যাকেজে পাঁচটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে ট্রাফিগুরা।


অন্যদিকে প্যাকেজ পিজি-০৫-এর আওতায় ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৬৯ দশমিক ৮২ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের দায়িত্ব পেয়েছে ট্রাফিগুরা।


এ ছাড়া প্যাকেজ পিজি-০৬-এর আওতায় ১ লাখ ২৫ হাজার টন গ্যাসোলিন-৯৫ আনলেডেড বা অকটেন আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৭ দশমিক ৩৬ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর।


বিপিসি সূত্রে জানা গেছে, দেশের মোট আমদানির ৫০ শতাংশ জ্বালানি তেল সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়। ২০২৭ সালে দুই পদ্ধতিতে সমান পরিমাণ জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সমপরিমাণ জ্বালানি তেল আমদানি করা হবে। সব মিলিয়ে আগামী বছর ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করেছে বিপিসি।


জ্বালানি তেল আমদানির অর্থ বিপিসির নিজস্ব বাজেট, তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। তবে আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অগ্রিম আয়কর বিপিসিকে আলাদাভাবে পরিশোধ করতে হবে। এসব কর ও শুল্ক অনুমোদিত ক্রয়মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com