
বড় পর্দা হোক কিংবা মঞ্চ- দর্শককে কীভাবে মাতিয়ে রাখতে হয়, সেটা ভালোই জানা বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। সিনেমার পর্দায় তিনি যেমন মারপিটের মারপ্যাঁচে তুখোড়, বাস্তবেও তার ব্যতিক্রম নয়।
এবার পোশাকে আগুন ধরিয়ে ভয়াবহ স্টান্ট দেখিয়ে আলোচনায় খিলাড়ি।
সম্প্রতি মুম্বাইয়ে এক তারকাখচিত অনুষ্ঠানে এমন কাণ্ড ঘটালেন, যা দেখে ‘থ’ হওয়ার অবস্থার সবার।
মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় আয়োজিত হয়েছিল ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। এই অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকার সঙ্গে পারফর্ম করেন অক্ষয় কুমারও।
সেখান থেকেই খিলাড়ির স্টান্টের বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যাচ্ছে, হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা।
আর সেসময়েই নৃত্যশিল্পীরা তার ট্রাউজারে আগুন ধরিয়ে দেয়। শুধু কি তাই, আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় জ্বলন্ত প্রপ তুলে নিয়েছেন অক্ষয়। আর পোশাকে দাউদাউ করে জ্বলছে আগুন। যা দেখে খিলাড়ির প্রশংসায় পঞ্চমুখ সবাই।
এর আগেও একাধিকবার সরাসরি দর্শকদের সামনে আগুন নিয়ে নানা ধরনের স্টান্ট করতে দেখা গেছে অক্ষয়কে। বলিউডেও অ্যাকশনধর্মী সিনেমা হলে ডাক পড়ে অভিনেতার। নিজের সিনেমাতে অনেকেই বিপজ্জনক স্টান্ট করতে ভয় পান, কিন্তু খিলাড়ি এক্ষেত্রে ব্যতিক্রম। স্টান্টের জন্য অক্ষয় কখনও বডি ডাবলের সাহায্য নেন না। নিজেই নিজের স্টান্ট করেন।
স্টান্টের পেছনে লুকিয়ে থাকে মৃত্যুর হাতছানি। জীবনের ঝুঁকি নিয়েই ক্যামেরার সামনে একাধিকবার শট দিয়েছেন অক্ষয়। এর আগে খোলামেলা আলাপচারিতায় অক্ষয় জানিয়েছিলেন, আগে স্টান্ট করার সময় তেমন নিরাপত্তা ব্যবস্থা থাকত না। আজকের মতো তখন ভিএফএক্স বা আধুনিক প্রযুক্তির এতটা বারবাড়ন্ত ছিল না। অনেক দৃশ্যই বাস্তবে করতে হতো যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]