
ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক মুর্তজা পলাশ অভিনীত সিনেমা ‘শিকার’ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হত্যা মামলায় নায়ক মুর্তজা পলাশ কারাগারে থাকায় সিনেমাটির বাকি অংশের শুটিং ও মুক্তির পরিকল্পনা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গত ২৮ আগস্ট নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুর্তজা পলাশকে গ্রেফতার করা হয়। শিকার সিনেমার কিছু দৃশ্যের শুটিং করে তিনি দেশে ফিরছিলেন।
এদিকে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার অধিকাংশ দৃশ্যের শুটিং নেপালে সম্পন্ন হয়েছে। তবে এখনো কয়েকটি দৃশ্য ও একটি গানের শুটিং বাকি রয়েছে। নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিকল্পনা ছিল অক্টোবরে বাকি দৃশ্যগুলোর শুটিং শেষ করার। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। নির্মাতা জানিয়েছেন, মুর্তজা পলাশ আইনি প্রক্রিয়ায় বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা
প্রতিষ্ঠান আশা করছে, তিনি দ্রুত মুক্তি পাবেন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ ছাড়াও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে নায়ক মুর্তজা পলাশের আইনি পরিস্থিতি ও বাকি শুটিং সম্পন্ন হওয়ার ওপর।
বিবার্তা/জাহেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]