গরু চুরির তথ্য ফাঁস করে দেয়ার শঙ্কায় দিনমজুরকে হত্যা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২৩:২৯
গরু চুরির তথ্য ফাঁস করে দেয়ার শঙ্কায় দিনমজুরকে হত্যা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় দিনমজুর ছগির হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে মো. ইসমাইল (২৮) ও আব্দুর রহিম (১৯) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃতরা। জবানবন্দিতে তারা বলেন, গরু চুরির বিষয়টি এলাকায় ফাঁস করে দেওয়ার আশঙ্কায় ছগিরকে হত্যা করা হয়।


শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ এ তথ্য নিশ্চিত করেন।


পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে ছগির (৪০) উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং বাজার এলাকায় দিন মজুরের কাজ করতে যান। ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তিনি মোবাইল ফোনে বাড়ি ফেরার কথা জানিয়ে রূপসীপাড়া বাজারে আছেন নিশ্চিত করলেও আর বাড়ি ফেরেননি। পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে শিলেরতুয়া থেকে রূপসীপাড়াগামী সড়কের হাতিরঝিরির মাথায় লাল মিয়ার পাহাড় থেকে দিনমজুর ছগিরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আছমা আক্তার বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর থানায় হত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-২৪, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি, জিআর নং-১০৯)। আদালতের নির্দেশে ছগির হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামি শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চালায় পুলিশ। এ ধারাবাহিকতায় ১৭ নভেম্বর ডিএমপি’র আদাবর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাহিল ফিলিং স্টেশনের পেছন থেকে আসামিআব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রহিম লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে। এর আগে মো. ইসমাইল হোসেনকে (১৯) লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আসামীদের প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে আদালতে তোলা হয়।


মামলার তদন্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম ও ইসমাইল হোসেন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। জিঙ্গাসাবাদে আসামিরা জানিয়েছেন-মূলত আব্দুর রহিম, মো. ইসমাইল হোসেন ও উনোথুই মার্মা হাতিরঝিরি এলাকায় গত ২৬ সেপ্টেম্বর রাতে গরু চুরি করতে যান। এ সময় রুপসীপাড়া বাজার থেকে ফেরার পথে ছগির তাদেরকে দেখে ফেলে। এ নিয়ে ছগিরের সাথে গ্রেফতারকৃত ও অন্য পলাতক আসামীর মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ছগির গরু চুরির বিষয়টি এলাকায় ফাঁস করে দিবেন, আসামীদের মধ্যে এমন আশঙ্কা সৃষ্টি হলে ছগিরকে হত্যার পরিকল্পনা করে। কিছু বুঝে উঠার আগে আসামিরা ছগিরের পরনের লুঙ্গি ও শার্ট কেড়ে নিয়ে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে, পওে দিনমজুর ছগিরের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পুলিশেরচোখ ফাঁকি দিতে ফোনটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের (২৬) কাছে বিক্রিও করেন আসামিরা।


এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মমদ কাইছার হামিদ বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদ ও আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক উনোথুই
মার্মাকেও গ্রেফতারে পুলিশ কাজ করছে।


বিবার্তা/আরমান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com