কালিহাতীর ভুক্তা গ্রামে মিঠু বিড়ি তৈরি ও প্যাকেটজাতকরণে ব্যস্ত শ্রমিকরা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২৩:৫৩
কালিহাতীর ভুক্তা গ্রামে মিঠু বিড়ি তৈরি ও প্যাকেটজাতকরণে ব্যস্ত শ্রমিকরা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ভুক্তা গ্রামে মিঠু বিড়ি তৈরি ও প্যাকেটজাতকরণের কাজে ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষ শ্রমিকরা। জীবিকার তাগিদে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় একটি কারখানায় হাতে-কলমে বিড়ি তৈরি, বেন্ডল দিয়ে প্যাকেটজাত করার কাজ করছেন তারা। এই কাজের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে অনেক শ্রমিকের সংসারেও এসেছে আর্থিক স্বচ্ছলতা।


সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার ভেতরে নারী ও পুরুষ শ্রমিকরা একসঙ্গে কাজ করছেন। কেউ বিড়ি তৈরির কাজে ব্যস্ত, কেউ বেন্ডল লাগিয়ে বিড়ি সাজাচ্ছেন, আবার কেউ তৈরি বিড়ি প্যাকেটজাত করছেন। কাজের ফাঁকে চলছে নিজেদের মধ্যে গল্প ও হাসি-আনন্দ। ব্যস্ততার মধ্যেও শ্রমিকদের মধ্যে রয়েছে কাজ শেষ করার তাড়া।


শ্রমিকরা জানান, পোস্ট অফিস থেকে বেন্ডল এনে বিড়ি প্যাকেটজাত করেন। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার বিড়ির প্যাকেটজাত করার সক্ষমতা রয়েছে তাদের। এ কাজের বিনিময়ে সপ্তাহে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত আয় করেন শ্রমিকরা। এই উপার্জন দিয়েই চলে তাদের পরিবারের দৈনন্দিন খরচ, সন্তানদের পড়াশোনা এবং সংসারের অন্যান্য ব্যয়।


কারখানায় কর্মরত এক নারী শ্রমিক বলেন, দীর্ঘদিন ধরে তিনি এ কাজের সঙ্গে যুক্ত। অন্য কোনো কাজের সুযোগ না থাকায় এই কাজ করেই সংসারে আর্থিক সহযোগিতা করছেন। নিয়মিত কাজ থাকায় পরিবারের খরচ চালাতে কিছুটা হলেও সুবিধা হচ্ছে।
আরেক শ্রমিক জানান, এই কাজ করে তিনি নিজের ছেলেকে বিএ পাস করিয়েছেন। ছেলের পড়াশোনার খরচ জোগাতে এ কাজের উপার্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সামান্য আয় হলেও দীর্ঘদিনের পরিশ্রমে সন্তানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে পেরেছেন বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।


কারখানার মালিক শাহিন মিয়া বলেন, বর্তমানে কাগজসহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায় লাভের পরিমাণ কমে গেছে। তারপরও স্থানীয় কর্মহীন মানুষের কথা চিন্তা করে কারখানার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার কিছু মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে এবং তারা নিজেদের শ্রমের বিনিময়ে আয় করতে পারছেন।


তিনি আরও বলেন, স্থানীয় মানুষের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়েই এ কার্যক্রম পরিচালনা করছেন। শ্রমিকদের কাজের মাধ্যমে কয়েকটি পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে, এটাই তার কাছে বড় বিষয়।


স্থানীয়দের মতে, গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক কম। এমন পরিস্থিতিতে স্থানীয়ভাবে গড়ে ওঠা ছোট শিল্প ও উৎপাদনকেন্দ্রগুলো অনেক মানুষের আয়ের পথ তৈরি করছে। বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে যারা বাড়তি উপার্জনের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এ ধরনের কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


ভুক্তা গ্রামের এই কারখানায় শ্রমিকদের ব্যস্ততা যেন গ্রামীণ অর্থনীতির এক পরিচিত চিত্র। প্রতিদিনের শ্রম আর সামান্য উপার্জনকে পুঁজি করেই তারা এগিয়ে নিচ্ছেন নিজেদের পরিবার ও জীবনের পথচলা।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com