
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ডা. রাশিদুল হাসান রাজন নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এবং আওয়ামীপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ডা. রাশিদুল হাসান রাজন সাঁথিয়া উপজেলার শরিষা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. রাশিদুল হাসান রাজন দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক আইডি থেকে সরকার ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন। তার কয়েকটি পোস্টে বর্তমান স্পিকার ড.হাফিজ উদ্দিনকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেন। এ ছাড়া ড. হাফিজের একটি ছবি শেয়ার করে মুক্তিযোদ্ধার শরীরে রাজাকারের গন্ধ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে উদ্দেশ্য করেও তিনি ফেসবুকে লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানো ছবি পোষ্ট করে তিনি লেখেন 'দুনিয়ার সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে সেটা নিয়ে ফ্লেক্স মারার মতো হাস্যকর আর কিছু নেই।' এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে তার চেম্বারে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় রোগী দেখারত অবস্থায় তাকে আটক করে থানায় নেওয়া হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. রাশিদুল হাসান রাজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]