কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মা-ছেলের মৃত্যু
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৩:১৭
কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মা-ছেলের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মা ও দেড় বছরের ছেলে মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।


মৃত ব্যক্তিরা হলেন- সাবা (৩০) ও তার দেড় বছর বয়সী ছেলে আর এস রহমান। সাবা শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর এস রহমান আজ (শনিবার) ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন।


ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন ও অন্য পরিবারের ২ জন দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেড় বছর বয়সী আর এস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ ভোরে তার মৃত্যু হয়।


দগ্ধ বাকি তিনজন হলেন- সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com