
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণের সুযোগ দিতে রাজধানীতে রবিবার শুরু হচ্ছে সাত দিনের জাতীয় এসএমই পণ্য মেলা।
আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি মিলবে ঋণ পাওয়ার সুযোগ।
শনিবার (২১ নভেম্বর) মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার সকাল ৯টায় ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ মেলার আয়োজক এসএমই ফাউন্ডেশন। মেলায় সারাদেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠানের উদ্যোক্তা নারী।
লিখিত বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।
“বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।”
এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী প্রতিযোগিতা এবং সাম্প্রতিক পরিস্থিতির মুখে দেশের এসএমই খাতকে চাঙ্গা করতে সমন্বিত উদ্যোগের কথা বলেছেন শিল্পমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “এসএমই খাত এখন জিডিপির যে শতাংশ শেয়ার করে, তাদের কন্ট্রিবিউশন, এটাতে আমরা সন্তুষ্ট না। অর্থনীতির পুরোপুরি বিকাশ এবং আয়বৈষম্য যাতে না বাড়ে, অর্থনীতির মধ্যে সার্কুলেশন যেন প্রপার হয়, এজন্য একটা আইডিয়াল মানদণ্ড হল, টার্গেট হল জিডিপিতে কন্ট্রিবিউশন থাকবে অন্তত ৫০ থেকে ৬০ শতাংশ।”
তিনি বলেন, “এই খাতের উদ্যোক্তারা যদি বেশি সক্রিয় হন, জিডিপিতে তাদের শেয়ার বেশি থাকে, তাহলে এই সুফলটা সরাসরি একদম তৃণমূল পর্যায়ে পৌঁছায় এবং আত্মকর্মসংস্থানকারী লোকের সংখ্যা, শুধুমাত্র কর্মে নিযুক্ত লোকের সংখ্যাই নয়, আত্মকর্মসংস্থাকারী লোকের সংখ্যাও অনেক বৃদ্ধি পায়।”
এসএমই খাতের বৈচিত্র্য আনায় এবং বিদেশি প্রযুক্তিগত সহযোগিতা পেতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্পৃক্ততার কথা তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, “আগামী দিনে আমরা চেষ্টা করব সিএমএসএম খাতের সাউথ কোরিয়ান, চাইনিজ প্রতিষ্ঠানগুলোকে আমাদের এসএমই সাথে সম্পৃক্ত করতে এবং আমাদের উদ্যোক্তা তৈরি এবং রপ্তানির বৈচিত্র আনতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় তথ্য দিতে।”
গত বছরের একই সময়ের তুলনায় এবার রপ্তানি মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার (৯৮৭ মিলিয়ন ডলার) বৃদ্ধি পাওয়ার তথ্য দিয়ে আব্দুল মুক্তাদির বলেন, “পোশাক খাতে সাম্প্রতিক কিছুদিন কাজ ব্যহত হলেও রপ্তানির এই ধারাবাহিকতা বজায় থাকলে বছর শেষে রপ্তানি ৩ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পেতে পারে।”
মিলবে ঋণ পাওয়ার সুযোগ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, মেলায় প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগের আয়োজন থাকবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করে উদ্যোক্তারা ঋণের তথ্য জানতে এবং সমঝোতা হলে মেলাতেই আবেদন করতে পারবেন।
এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান, সহজ অর্থায়ন এবং এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ নিয়ে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আট জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হবে।
২২ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]