মীর শাহে আলম
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৬:০৩
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশে আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন,আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে।


শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে।


মীর শাহে আলম বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না।


প্রতিমন্ত্রী বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তার স্মৃতি ধরে রাখা, মানুষের হৃদয়ে অম্লান রাখা এবং জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়াম দুটি উদ্বোধন করা হলো।


রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বাংলাদেশকে নতুন করে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র যারা করছে, তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, দীর্ঘ আন্দোলনের পর এ দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এই বাংলাদেশ আর কারও তাবেদারি করবে না।


দেশের জনগণ, স্বাধীনতা ও লাল-সবুজের পতাকার পক্ষে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।


আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে আপনারা লক্ষ্য করেছেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের দুই-একটি জায়গায় পেট্রল বোমা মেরে, থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তারা ভেবেছে, এভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে নতুন করে কিছু একটা করতে পারবে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না।


তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com