
সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে চলতি বছরের প্রথম ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে এসব অপরাধে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে।
বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের অধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
শনিবার (২১ নভেম্বর) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এ বিস্তীর্ণ সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
অভিযানে জব্দ করা উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এছাড়া ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল, ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছিল। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে মোতায়েন করা হয় ৫ প্লাটুন বিজিবি। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতেও কাজ করেছে বিজিবি।
অন্যদিকে, সীমান্তে অবৈধ পুশইন প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা এবং স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা রোধেও প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে।
সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে বিজিবি।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]