
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ঘিরে পাবনার ঈশ্বরদী উপজেলার নতুনহাট এলাকা এখন চুক্তি মিনি রাশিয়া হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পের সুবাদে এখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক বসবাস করছেন। আর এরমধ্যে বেশিরভাগই রুশ নাগরিক।
নতুনহাট এলাকায় তাদের জন্য নির্মাণ করা হয়েছে বহুতল আবাসিক ভবন 'গ্রীন সিটি'। আর এই গ্রীন সিটিকে কেন্দ্র করে এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন ধরনের অবৈধ কারবারও খুলে বসেছেন।
তাদের মধ্যে একজন নবাব আলী। উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরে এলাকার বাসীন্দা তিনি। গ্রীন সিটির ২ নম্বর গেটের বিপরীত পাশে বাজারের ভেতর কথিত এক ফার্মেসী খুলেছেন। প্রতিষ্ঠানটি দিনের বেলায় বন্ধ থাকলেও সন্ধ্যার পর সেটি খোলা হয়। আর এটি গভীর রাত পর্যন্ত খোলা থাকে। তবে এই প্রতিষ্ঠানটি অন্য ফার্মেসির মতো নয় বরং অনেকটাই আলাদা। এখানে ৯০ শতাংশের বেশি ওষুধ যৌন উত্তেজক সিরাপ, ট্যাবলেট, হালুয়া। আর এই প্রতিষ্ঠানের মালিকের মূল টার্গেটকৃত ক্রেতা হচ্ছে বিদেশি নাগরিক বিশেষ করে রাশিয়ার নাগরিক। আবার খুব সহজেই তাদের আকর্ষণ করার জন্য প্রতিষ্ঠানের সাইনবোর্ডও রুশ ভাষায় লেখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, নবাব আলী এখানে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান খুলে বসেছেন। তার মূল টার্গেট বিদেশী নাগরিক, তাদের ভুল বুঝিয়ে নানাভাবে তিনি এসব যৌন উত্তেজক ঔষধ বিক্রি করেন। বিদেশি নাগরিকরা হয়তো বুঝে বা না বুঝে এগুলো কিনছেন। এই বিদেশী নাগরিকরা আমাদের এখানে কাজ করছেন এখানে এতো বড় একটা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে তারা জড়িত রয়েছেন। তাদের সঙ্গে এই ধরনের প্রতারণা বা ক্ষতিকর কোন কিছু তাদেরকে দেওয়া উচিত নয়।
ইমরান হোসেন নামের এক যুবক বলেন, এই ব্যক্তির দোকানের বেশিরভাগ ঔষধ বিভিন্ন নাম সর্বস্ব কোম্পানির। ভালো কোনো কোম্পানির ঔষধ তিনি বিক্রি করেন না। তাছাড়া আমার জানা মতে এসব যৌন উত্তেজক ওষুধ বিক্রি করা অপরাধ। এরপরেও তিনি কিভাবে দীর্ঘদিন ধরে এখানে এভাবে এধরনের ওষুধ বিক্রি করছেন আমরা জানি না। বিদেশী নাগরিকদের কাছে চড়া দামে এসব ওষুধ বিক্রি করা হচ্ছে। আমার মনে হয় এটি এক ধরনের প্রতারণা। আমরা শুনেছি এই ওষুধ মানুষের উপকারের চেয়ে অনেক বেশি ক্ষতি করে।
রিংকু নামে আরেকজন বলেন, এই লোক যৌন উত্তেজক শতশত রকমের ওষুধ বিক্রি করে। পাশাপাশি কথিত বিভিন্ন ভিটামিন বিক্রি করে। সেগুলো আবার ভালো বড় কোম্পানির ঔষধ গুলোর নামের কাছাকাছি নাম দিয়ে তৈরি করা। আমার মনে হয় এসব গুলো তেমন কোনো অনুমোদন নাই। ভালো কোন প্রতিষ্ঠান না এবং সেই প্রতিষ্ঠানের অনুমতি আছে কিনা সেটি নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির মালিক নবাব আলী বলেন, এখানে রাশিয়ান নাগরিক চলাফেরা করেন। তাদের জন্যই এই ঔষধ গুলো রাখা। এখানে বাঙালি খুব একটা আসে না। বাঙালিরা খুবই কম খায়। তবে এটা আসলে আমাদের উচিত না। কারণ এসব ওষুধে মানুষের অনেকটা ক্ষতির সম্ভাবনা আছে। এটা কোনো মতেই সঠিক না। যৌন উত্তেজক কোনো ঔষধই কোনো কোম্পানি উৎপাদন করা ঠিক না। কোনো দোকানে রাখাও ঠিক না। কেউ বিক্রি করাও ঠিক নয়।
তিনি আরও বলেন, কোনো কোম্পানি যৌন উত্তেজক ঔষধ বাজারজাত না করুক। কোনো দোকানদার বিক্রি না করুক। বিবেকবান মানুষ হিসেবে আমরা এটাই চাই।
এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, যদি কোনো অবৈধ ওষুধ বিক্রি করে তাহলেতো অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া উচিত। বিষয়টি যেহেতু ঔষধের, আর এটা ঔষধ প্রশাসন অধিদপ্তর দেখে থাকে। এ ব্যাপারে আমি ঔষধ তত্ত্বাবধায়ককে অবগত করব, তাহলে তিনি অভিযান করে ব্যবস্থা নিতে পারবেন।
এ ব্যাপারে ঔষধ প্রশাসন অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক নাজমুল হাসানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি একটু আপনাকে হেল্প করি। ওই ফার্মেসীতে আপনার দৃষ্টিতে যৌন উত্তেজক ঔষধ বা অনুমোদন নাই আর যৌন উত্তেজক ঔষধের কি কি নাম সেগুলো আমাদের অফিসে গিয়ে অভিযোগ বাক্সে জমা দিয়ে একটা রিসিভ কপি নিয়ে আসবেন।
উল্লেখ্য, উত্তেজক এসব ওষুধের মূল্য তালিকার অন্তত ৫ থেকে দশগুন বেশী দামে বিক্রি করা হচ্ছে দেশী ও বিদেশী নাগরিকদের কাছে৷
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]