গ্যাস সরবরাহ স্থিতিশীল, ডিসেম্বর পর্যন্ত চিন্তা নেই: জ্বালানি মন্ত্রী
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২১:২২
গ্যাস সরবরাহ স্থিতিশীল, ডিসেম্বর পর্যন্ত চিন্তা নেই: জ্বালানি মন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছিল। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করায় পরিস্থিতি এখন স্বাভাবিক। আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ নেই।


শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি তারকা হোটেলে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি।


‘জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ খাত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক অধিবেশনে তিনি দেশের জ্বালানি পরিস্থিতি, বিদ্যুৎ উৎপাদন ও আগামী গ্রীষ্মের প্রস্তুতির কথা তুলে ধরেন।


মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার ১০ থেকে ১৫ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হয়। এতে বাংলাদেশের প্রচলিত জ্বালানি সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়। এর সঙ্গে একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনায় গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। ফলে অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। শিল্পকারখানাগুলোও ভোগান্তিতে পড়ে।


এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় প্রতি ইউনিট এলএনজির দাম ছিল ১২ ডলার। সর্বশেষ কিনতে হয়েছে ৩১ ডলারে। এত বেশি দামে এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রায় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সমান হয়ে গিয়েছিল। তাই তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা হয়।


ইকবাল হাসান মাহমুদ বলেন, এখন গ্যাস সরবরাহ মোটামুটি স্থিতিশীল। বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক। গত ১৫ থেকে ২০ দিনে খুব কম এলাকায় লোডশেডিং হয়েছে। যেসব জায়গায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়েছে, তার বেশির ভাগই কারিগরি ত্রুটির কারণে। চাহিদা অনুযায়ী জ্বালানি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, ডিসেম্বর পর্যন্ত আমরা জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে পারব। এরপর জানুয়ারির জন্য আমদানির পরিকল্পনা করা হবে।


আগামী গ্রীষ্মে বাড়তি ৪ হাজার মেগাওয়াটের লক্ষ্য


আগামী গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মেটানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বসে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জ্বালানিমন্ত্রী।


তিনি বলেন, দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন সক্ষমতা এবং প্রকৃত চাহিদার মধ্যে বড় ব্যবধান রয়েছে। গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে উঠলেও অন্য সময়ে তা অনেক কমে যায়। গড়ে ১৪ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে অনেক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।


মন্ত্রী বলেন, যেসব বিদ্যুৎকেন্দ্র বসে আছে, সেগুলো চালানোর ব্যবস্থা করা হচ্ছে। এ উদ্যোগ সফল হলে উৎপাদন সক্ষমতায় আরও প্রায় ৪ হাজার মেগাওয়াট যুক্ত করা সম্ভব হবে। আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ভালো রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সৌর ও পারমাণবিক বিদ্যুতে গ্রিডের ঝুঁকি


বিদ্যুৎ উৎপাদনে নতুন নতুন উৎস যুক্ত হলেও দেশের সঞ্চালনব্যবস্থা সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারছে না বলে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা মূলত গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কথা বিবেচনায় রেখে গড়ে তোলা হয়েছিল। এখন সৌরবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়ায় গ্রিড ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।


মন্ত্রী জানান, আগামী মার্চের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার আশা রয়েছে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকেও বিদ্যুৎ আসবে। এসব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে স্মার্ট গ্রিড প্রয়োজন। কিন্তু দেশের বর্তমান গ্রিডব্যবস্থা এখনো সে পর্যায়ে পৌঁছায়নি।


সৌরবিদ্যুতের উৎপাদন আবহাওয়ার ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, রোদ থাকলে উৎপাদন বাড়ে, আবার মেঘ এলে হঠাৎ কমে যায়। এ ধরনের ওঠানামা সামাল দেওয়ার মতো সঞ্চালনব্যবস্থা এখনো পুরোপুরি তৈরি হয়নি। ফলে জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। এ ঝুঁকি কমাতে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় প্রযুক্তি স্থাপন এবং গ্রিডের সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশও এ বিষয়ে কাজ করছে।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, প্রায় ৩ হাজার ৫০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রকৌশলীরা কাজ করছেন।


বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ চলছে


আগামী গ্রীষ্মের আগে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ঠিক রাখতে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রেখে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে জানান মন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী, আগামী মার্চের মধ্যে এসব কেন্দ্র আবার চালু করা হবে।


তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতির বিষয়টি অনিশ্চিত। কখন কোন যন্ত্রে সমস্যা দেখা দেবে, তা আগে থেকে বলা কঠিন। তাই আগেভাগেই কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।


জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতির ঝুঁকি এখনো রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা বড় উদ্বেগের বিষয়। আপাতত পরিস্থিতি ভালো থাকলেও আগামী গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com