
নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ'রটেক এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিডিএরটেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। তাঁর অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন ওই বাসা ঘেরাও করে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আটক এম কামাল উদ্দিন চট্টগ্রাম জজকোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দাবি করেন। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন এম কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক আলোচনায় আসেন।
বিবার্তা/জাহেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]