
গোপালগঞ্জের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন পথচারী আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয়।
নিহত মহিবুল মোল্লা সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক মহিবুল মোল্লার মৃত্যু হয়। এ সময় আরো তিন পথচারী আহত হন।
স্থানীয়দের ভাষ্য, মহিবুল মোল্লা চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাসটি তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন।
এদিকে দুর্ঘটনা ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
বিববার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]