মৃত্যুর সাড়ে ৭ মাস পর আওয়ামী লীগ নেতার নামে ককটেল বিস্ফোরণ মামলা
ওসি বললেন ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৪৪
মৃত্যুর সাড়ে ৭ মাস পর আওয়ামী লীগ নেতার নামে ককটেল বিস্ফোরণ মামলা
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে জহিরুল হক সামচু ঢালী নামে মৃত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকে।


মৃত জহিরুল ঢালী গত ২৯ মার্চ মারা যান। অথচ ঘটনার প্রায় সাড়ে সাত মাস পর গত ৯ নভেম্বরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে ২১৯ নম্বর আসামি করা হয়েছে।


মৃত ব্যক্তিকে মামলার আসামি করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার আসামিদের তালিকা কিভাবে তৈরি করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।


জহিরুল হক সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর ছেলে।


তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
পরিবারের সদস্যরা জানান, গত ২৯ মার্চ সামচু ঢালী মারা যান। অথচ তার মৃত্যুর সাড়ে সাত মাস পর ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে।


জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে অসংখ্য যানবাহন।


ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।


পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে মৃত জহিরুল হক সামচু ঢালীর নাম।


মৃত্যুর সাড়ে সাত মাস পর একজন ব্যক্তিকে এ ধরনের মামলায় আসামি করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। মামলার এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, সে প্রশ্নও উঠেছে।


এদিকে, মৃত ব্যক্তিকে মামলার আসামি করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা ও ব্যঙ্গ-বিদ্রুপ। একটি পোস্টে ব্যঙ্গ করে লেখা হয়েছে, দলের প্রতি সামচু ঢালীর নিবেদন এতটাই বেশি যে আন্দোলন দেখে কবরে শুয়ে থাকতে পারেননি; উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন। মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেই আসামি করেছেন বলেও বিদ্রুপ করা হয়েছে।


সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কিভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’


নাজমুল হক আরো বলেন, ‘আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’


এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক আকরাম হোসেন বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কিভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।’


জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com