
তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, এর ফলে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং রপ্তানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এ অভিযোগ করে বিজিএমইএ।
বিবৃতিতে বলা হয়, কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এতে শ্রমিকেরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। কোথাও কোথাও তাদের দিয়ে কারখানায় ভাঙচুর করানো হচ্ছে বলেও দাবি করেছে সংগঠনটি।
বিজিএমইএর তথ্যমতে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এ পর্যন্ত ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে। একটি মহলের কর্মকাণ্ডের কারণে মজুরি বোর্ডও স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না।
বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে শ্রম আইন অনুযায়ী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হবে মালিকপক্ষ।
বিজিএমইএ জানায়, সংগঠন ও সরকারের অনুরোধ সত্ত্বেও একটি মহল অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার ৯২টি কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। এর মধ্যে ৫৫টি কারখানা বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]