মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২১:১৬
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।


শনিবার (১৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।


বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ‘নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা’ ব্যবহার করে হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়।


আইআরজিসি ড্রোনটিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি গোয়েন্দা ও যুদ্ধ পরিচালনায় সক্ষম উড়োজাহাজ হিসেবে বর্ণনা করেছে। এটি এমকিউ-১ গোত্রের ড্রোন বলেও উল্লেখ করা হয়েছে।


বিবৃতিতে আরও দাবি করা হয়, এ নিয়ে মোট ১৭টি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান। ঘটনাটিকে শত্রুপক্ষের গোয়েন্দা অভিযান ব্যর্থ হওয়ার আরেকটি উদাহরণ বলেও উল্লেখ করেছে আইআরজিসি।


তবে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


এদিকে ইরানে ফের হামলা চালাতে অর্থাৎ দেশটির বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটন সফর করেছেন।


ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com