
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় করা এ মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮ থেকে ১০ জনকে।
শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দৌলতপুর থানার উপপরিদর্শক মহসীন চৌধুরীকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে পরে ওই জমি নিয়ে আবদুল হালিমের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে আবদুল হালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।
এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ঘর থেকে তিনটি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান হামলাকারীরা।
এজাহারে ইদ্রিস আলী আরো উল্লেখ করেন, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে গত বছরের ১৬ সেপ্টেম্বর আবদুল হালিম উল্টো তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন।
ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্ত হওয়ার পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করে নিয়েছেন। জমির বিষয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় পরিবার নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন তিনি।
এজাহারে বলা হয়েছে, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে থানায় মামলা করেছেন। হামলার পর থেকে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করেছেন তিনি।
বাদী ইদ্রিস আলী বলেন, আবদুল হালিমের ভাইদের কাছ থেকেই তিনি জমিটি কিনেছিলেন। জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। গত বছরের ঘটনার বিষয়ে তিনি থানায় মামলা করেছেন।
তবে মামলার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন আবদুল হালিম। তিনি বলেন, ইদ্রিস আলী এলাকায় থাকেন না। স্থানীয় অনেকের সঙ্গে তার বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক বলে জানেন।
আবদুল হালিম আরও বলেন, তার ভাইদের জমি কেনাবেচা নিয়ে আগে একটি বিরোধ ছিল। হয়তো কারো প্ররোচনায় ইদ্রিস আলী এখন মামলা করেছেন। এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।
এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় নুসরাতসহ এনসিপির নেতারা অভিযোগ করেন, বাড়িটিতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।
এর পরদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিকভাবে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। বাড়ির পুরনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা বেশি। তবে তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
গত ১৩ নভেম্বর বাড়িটি পরিদর্শন করেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক। পরিদর্শন শেষে তিনি জানান, বাড়ির বিদ্যুতের মিটার, মেইন সুইচ, কাটআউট ও ট্রান্সফরমারের ফিউজ অক্ষত পাওয়া গেছে। এসব পর্যবেক্ষণে শর্টসার্কিটের কোনো সুযোগ দেখা যায়নি বলে তিনি মনে করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]