
রাজধানীর মিরপুরে তুচ্ছ ঘটনায় এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (৩০) নামে অপর এক ভাড়াটিয়া নিহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ৬ নম্বরের আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে। ময়নাতদন্তের জন্য বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে নিহত আনোয়ারের প্রতিবেশী সাকিব হোসেন জানান, তারা মিরপুর ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন। আনোয়ার পেশায় মিরপুরে বুটিক্সের কাজ করেন। শনিবার রাতে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে আরেক ভাড়াটিয়া আরিফ হোসেনের সঙ্গে আনোয়ারের ঝগড়া হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের পিঠের বাম পাশে আঘাত করেন। এতে আনোয়ার অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত আনোয়ার হোসেনের পিঠের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]