
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে একদল ব্যক্তি কয়েকটি মোটরসাইকেলে করে হাবিবুর রহমানের গ্রামের বাড়িতে যায়। এরপর তারা বাড়িতে ভাঙচুর চালায় এবং সামনের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামের মানুষ এগিয়ে এসে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ওই মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের দাবি, ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
কামালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক জানান, কে বা কারা সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে, সে খবর তিনি শুনেছেন। গ্রামের লোকজন কয়েকটি মোটরসাইকেলেও আগুন দিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]