
চট্টগ্রামের কর্ণফুলীতে চাঞ্চল্যকর ছাত্রলীগকর্মী মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আহমেদ।
গ্রেফতার সুমন উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদারপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ছাত্রলীগকর্মী মামুনুর রশিদ সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আবদুল আজিজ নামে আরও এক ছাত্রলীগকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০২।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২০ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও সহযোগিতার দায়ে সুমনসহ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় থেকেই সুমন পলাতক ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীর আহমেদ বলেন, “মামুন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
বিবার্তা/জাহেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]