
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকই মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এর আগে কারখানার মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ।
নিহতরা হলেন- পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। তাদের মধ্যে পাশা গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর রঞ্জিত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুবরণ করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ নভেম্বর রাত ২টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে পাশা ও রঞ্জিতকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকদের তথ্যমতে, পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল (ইনহেলেশন ইনজুরি)। গুরুতর অবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে রতনের মালিকানাধীন কারখানাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করে পুলিশ।
ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান নূর শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এ দিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানিয়েছিলেন, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল কারখানাটি পরিদর্শন করেছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]