
সিলেট নগরীর রায়নগরে বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করে প্রকৃত অপরাধীদের আড়াল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছে নিহত এম এ সাত্তারের পরিবার। গ্রেফতার রংমিস্ত্রি বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে ‘কাল্পনিক ও শেখানো বুলি’ দাবি করে তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই শিপলু চৌধুরীর ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন তাঁরা।
পরিবারের অভিযোগ, তদন্তের শুরুতে গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণে গাফিলতি এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর মিরাবাজারের হোটেল সুপ্রীমে ‘নিহত এম এ সাত্তারের পরিবারবর্গ এবং ন্যায়বিচারপ্রার্থী শোকাহত জনতা’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হত্যাকাণ্ডের পূর্বাপর বিভিন্ন ঘটনা, দীর্ঘদিনের ভূমি বিরোধ, মামলার নথিপত্র এবং তদন্তের বিভিন্ন অসংগতি তুলে ধরেন পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে দুটি পৃথক অংশে বক্তব্য উপস্থাপন করা হয়। নিহত এম এ সাত্তারের ছেলে আরিফ ইফতেখার হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনাপ্রবাহ এবং নিহতের দীর্ঘদিনের সহযোগী মুহম্মদ তৌহিদুল ইসলাম ভূমি বিরোধ ও এ-সংক্রান্ত মামলাগুলোর বিস্তারিত তুলে ধরেন।
ভূমি বিরোধের জেরেই হত্যাকাণ্ডের অভিযোগ
লিখিত বক্তব্যে মুহম্মদ তৌহিদুল ইসলাম দাবি করেন, রিকাবীবাজার পুলিশ লাইনসংলগ্ন ‘লুসাই গির্জা সমিতি, সিলেট’-এর ভূমি দখল ও দুর্নীতিসংক্রান্ত মামলায় সাক্ষ্য দেওয়ার জেরেই গত ১২ আগস্ট ২০২৬ তারিখে রায়নগরের নিজ বাসভবনে আবদুস সাত্তার (এম এ সাত্তার), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমকে হত্যা করা হয়।
তিনি জানান, ১৮ জানুয়ারি ১৯৯৭ তারিখে ১০১৩/১৯৯৭ নম্বর রেজিস্টার্ড লিজনামার মাধ্যমে এম এ সাত্তার ও বাদী সেলিনা সুলতানা যৌথভাবে সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার ৪০০৯ নম্বর এসএ দাগের অন্তর্গত ১৮০৬১ ও ১৮০৬২ নম্বর বিএস দাগে ৭ দশমিক ৩৮ শতক জমি লিজ নেন। পরবর্তী সময়ে ১০৩৪৯/৯৯, ১০৩৫০/৯৯ ও ২১৩৭১/১১ নম্বর লিজ দলিলের মাধ্যমে মোট ১২ শতক জমি লিজ নিয়ে তাঁরা ভোগদখলে ছিলেন।
অভিযোগ অনুযায়ী, ২৪ ডিসেম্বর ২০০৬ তারিখে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ৫৬৪/৯৬ নম্বর আমমোক্তারনামা ব্যবহার করে লুসাই গির্জা সমিতির হস্তান্তর অযোগ্য ৮০ শতক জমি নিয়ে নিজের প্রতিষ্ঠান ইম্পালস বিল্ডার্স লিমিটেডের নামে ১৮৫২২/২০০৬ নম্বর দলিল তৈরি করেন। পরে ১৫ ডিসেম্বর ২০১২ তারিখে ১৩৮৪১ নম্বর খতিয়ানে নামজারি করানো হয়। তবে ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে ১৩৬/২০১৬ নম্বর নামজারি রিভিউ মামলায় ওই নামজারি বাতিল হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জাল দলিল বাতিলের দাবিতে এম এ সাত্তার ৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে স্বত্ব ২৩/২০১৫ নম্বর মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি স্বত্ব ৬০/২০১৬ ও স্বত্ব ২১১/২০২৩ নম্বর মামলা এবং সিভিল রিভিশন ৭০/২০২৩ নম্বর পর্যন্ত গড়ায় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
তৌহিদুল ইসলামের অভিযোগ, ৩০ মার্চ ২০১৫ তারিখে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহিউল ইসলাম চৌধুরী ৮০ শতক জমি ও ইম্পালস টাওয়ার বিক্রির জন্য তাঁর সঙ্গে চুক্তি করেন। অথচ এর আগেই ৬২৭৫/২০০৯ নম্বর দলিলের মাধ্যমে একই সম্পত্তি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সিলেট মার্ট লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ ছাড়া প্রায় ৩০০ প্রবাসীর কাছে তফসিলবিহীন চুক্তিতে দোকান ও ফ্ল্যাট বিক্রির অভিযোগও তোলা হয়।
এ ঘটনায় তৌহিদুল ইসলাম ১ নভেম্বর ২০১৬ তারিখে সিআর ১৩৬৩/২০১৬ নম্বর মামলা করেন বলে জানান। তাঁর দাবি, এর জেরে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাঁর বিরুদ্ধে ১৬টিসহ মোট ২৯টি পাল্টা মামলা করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পেশাগত আচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সিরাজুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলে কমপ্লেইন কেস ০৮/২০২৫ নম্বর মামলা রয়েছে। আগামী ১৪ জানুয়ারি ২০২৭ তারিখে মামলাটির শুনানির দিন ধার্য রয়েছে বলে দাবি করা হয়।
দুদকের মামলা ও একাধিক আইনি লড়াই
সংবাদ সম্মেলনে বলা হয়, লুসাই গির্জা সমিতির চেয়ারম্যান জমিংথাংগা লুসাইয়ের স্বাক্ষর জাল করে নামজারির অভিযোগে ২৯ জুন ২০২১ তারিখে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিআর ০২/২০২১ নম্বর মামলা দায়ের করে। মামলায় সিলেট সদর সাব-রেজিস্ট্রার মুজিবর রহমান পাটোয়ারী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা মো. আসবাহ উদ্দিন ও কানুনগো মলয় করকে আসামি করা হয়েছে বলে জানানো হয়।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, এম এ সাত্তার, তৌহিদুল ইসলাম, জমিংথাংগা লুসাই ও এম এ করিমের সাক্ষ্যের ভিত্তিতে দুদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ ছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় কোতোয়ালী সিআর ১৩৬৪/২০২৩ ও ৮১৫/২০২৪ নম্বর মামলা দায়েরের কথাও উল্লেখ করা হয়। মামলাগুলো বর্তমানে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুনঃতদন্তাধীন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। পাশাপাশি কোতোয়ালী সিআর ২৩১/২০২৩ ও ১২৬৯/২০২৩ নম্বর মামলাতেও এম এ সাত্তার সাক্ষী ছিলেন বলে জানানো হয়।
হত্যার আগে হুমকি ও হামলার অভিযোগ
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের বিরুদ্ধে একাধিকবার প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ তোলা হয়।
লিখিত বক্তব্য অনুযায়ী, মামলা প্রত্যাহারের জন্য ২৫ এপ্রিল ২০১৬ তারিখে প্রাণনাশের হুমকি দেওয়া হলে জিডি নম্বর ১৩৪৭ করা হয়। পরে ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে আমিন হোসেন নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে রায়নগরের বাসায় গিয়ে এম এ সাত্তার, সেলিনা সুলতানা ও তাঁর স্বামী রুহিন খানকে উদ্দেশ করে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জিডি নম্বর ৮৪২ করা হয়।
এ ছাড়া ১৮ মে ২০২৫ তারিখে জজকোর্ট প্রাঙ্গণে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে কোতোয়ালী সিআর ১০৫৭/২০২৫ নম্বর মামলা দায়েরের কথাও উল্লেখ করা হয়।
এসব অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাবুলের জবানবন্দি নিয়ে আটটি প্রশ্ন
হত্যাকাণ্ডের পর প্রবাসী সেলিনা সুলতানার অভিযোগের ভিত্তিতে দায়ের করা কোতোয়ালী জিআর ৩৯৭/২৬ নম্বর মামলায় গ্রেপ্তার রংমিস্ত্রি বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি নিয়ে আটটি প্রশ্ন উত্থাপন করেন নিহতের ছেলে আরিফ ইফতেখার।
আরিফের দাবি, বাবুলের জবানবন্দিতে যে বিবরণ দেওয়া হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, একজন ব্যক্তি একাই ব্যালকনি দিয়ে বাসায় প্রবেশ করে মাত্র ২৩ মিনিটের মধ্যে তিনজনকে হত্যা, নিজের শরীর ও ছুরির রক্ত পরিষ্কার, কাটা হাত কাপড় দিয়ে বাঁধা, তিনটি আলমারির পাঁচ-ছয়টি তালা ভেঙে জমির কাগজপত্র খোঁজা এবং পুনরায় ব্যালকনি দিয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার ঘটনা বিশ্বাসযোগ্য নয়।
সিসিটিভি ফুটেজের সময় উল্লেখ করে আরিফ দাবি করেন, সকাল ৯টা ২৭ মিনিট ১৫ সেকেন্ডে বাবুল বাসায় প্রবেশ করেন। ৯টা ২৮ মিনিট ১৮ সেকেন্ড থেকে ৯টা ৩৪ মিনিটের মধ্যে হত্যাকাণ্ড ঘটে বলে তাঁদের দাবি। পরে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি ব্যালকনি দিয়ে বেরিয়ে যান বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
আরিফের প্রশ্ন, বাসায় ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬৮ হাজার টাকা এবং পাউন্ড থাকা সত্ত্বেও সেগুলো না নিয়ে কেবল ১৫ হাজার টাকা নেওয়ার বর্ণনা কতটা যুক্তিসংগত? তাঁর আরও দাবি, ঘটনার সময় বাসায় ড্রাইভার সুভাষ বাবু, রংমিস্ত্রি সবুজ, আলাল ওরফে ভুলাই, কাঠমিস্ত্রি শাহীন ও তাঁর সহযোগী শাহীন উপস্থিত ছিলেন। এত মানুষের উপস্থিতিতে একজন ব্যক্তির নিরাপদে পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।
ছুরি উদ্ধার ও আলামত সংরক্ষণ নিয়ে প্রশ্ন
আলামত উদ্ধারের বিষয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আরিফ ইফতেখার।
তাঁর অভিযোগ, হত্যাকাণ্ডের দিন শতাধিক স্থানীয় মানুষের উপস্থিতিতে পাশের একটি খালি প্লটে তল্লাশি চালিয়েও পুলিশ কোনো ছুরি পায়নি। অথচ পরদিন স্থানীয়দের অনুপস্থিতিতে একই জায়গা থেকে সাদা ব্যাগসহ ছুরি উদ্ধারের কথা জানানো হয়।
তিনি আরও দাবি করেন, সিসিটিভি ফুটেজে বাসায় প্রবেশের সময় বাবুলের হাতে কোনো ব্যাগ বা ছুরি দেখা যায়নি। এ ছাড়া কথিত ১৫ হাজার টাকা উদ্ধারের সময় তাতে রক্তের দাগ ছিল কি না, তদন্ত কর্মকর্তা তা উল্লেখ করেননি এবং টাকাটিও আলামত হিসেবে জব্দ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সুরতহাল প্রতিবেদনের সঙ্গে বাবুলের জবানবন্দির বর্ণনায় অসংগতি রয়েছে বলেও দাবি করেন আরিফ। তাঁর বক্তব্য, নিহতদের শরীরের আঘাতের ধরন, হত্যার পদ্ধতি এবং ঘটনাস্থলের পরিস্থিতি বিশেষজ্ঞদের মাধ্যমে পুনরায় বিশ্লেষণ করা প্রয়োজন।
পরিবারের পক্ষ থেকে আরও প্রশ্ন তোলা হয়, বাবুলের সঙ্গে এম এ সাত্তারের সুসম্পর্ক ছিল এবং হত্যাকাণ্ডের ১৫ থেকে ২০ দিন আগেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সে ক্ষেত্রে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।
তদন্ত কর্মকর্তার ভূমিকা ও ভিডিও ফাঁসের তদন্ত দাবি
সংবাদ সম্মেলনে তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই শিপলু চৌধুরীর কার্যক্রমকে সন্দেহজনক ও অপেশাদার বলে অভিযোগ করা হয়। পরিবারের প্রশ্ন, বাবুলের জবানবন্দি কি তাঁকে শিখিয়ে দেওয়া হয়েছিল, নাকি তাঁর স্ত্রী ও মেয়েকে জিম্মি করে চাপ প্রয়োগের মাধ্যমে তা আদায় করা হয়েছে?
পাশাপাশি পুলিশ হেফাজতে বাবুলকে জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে কীভাবে ছড়িয়ে পড়ল, কোন পুলিশ সদস্য সেটি প্রকাশ করলেন এবং এ ঘটনায় জনমত প্রভাবিত করার চেষ্টা হয়েছিল কি না, তা তদন্তের দাবি জানান তাঁরা।
পুলিশ কমিশনার ও বাবুলের বক্তব্যের মধ্যে কথিত পার্থক্যের বিষয়টিও তদন্তের আওতায় আনার আহ্বান জানানো হয়।
পিবিআইয়ের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২৫ আগস্ট ২০২৬ তারিখে মামলার বাদী সেলিনা সুলতানার স্বামী রুহিন খানকে মামলা পরিচালনা না করার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে অজ্ঞাত ব্যক্তিরা বাদীর বাসায় প্রবেশের চেষ্টা করলে ২ অক্টোবর ২০২৬ তারিখে ১৬২ নম্বর জিডি করা হয়।
এ ছাড়া ৩০ জুলাই ২০২৬ তারিখে টাকা ০৩/২০২৩ মোকদ্দমার শুনানি শেষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এম এ সাত্তার ও তাঁর আইনজীবীর কাছে ক্ষমা চেয়েছিলেন বলেও লিখিত বক্তব্যে দাবি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বক্তব্য এবং এআই (AI) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়িয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ অভিযোগে সিরাজুল ইসলামের ছেলে আহমেদ মাহির ফয়সালের নাম উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরিফ ইফতেখার বলেন, গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তিনি একটি তথ্যচিত্র তৈরি করেছেন। তাঁর দাবি, ওই তথ্যচিত্রে হত্যাকাণ্ডের বিভিন্ন অসংগতি ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, বর্তমান তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিলেটের কাছে তাঁদের প্রত্যাশা, দ্রুততম সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও ঘাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই আইনের বাইরে থাকতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ২০২৬ তারিখে সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার নিজ বাসা থেকে এম এ সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রংমিস্ত্রি বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলার তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। গত ২২ সেপ্টেম্বর পিবিআইয়ের আবেদনে বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংবাদ সম্মেলনে নিহত গৃহকর্মী তাহমিনার মা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]