স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যাচেষ্টা মামলায় সেই আইনজীবী কারাগারে
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২৩:৫০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা বেলাল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ ওরফে রুদ্রকে (৪২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


শনিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম।


আসামিপক্ষে আতাউর রহমান খান রুকুসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন।


শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে শুক্রবার রাতে যুবদলের আলোচিত নেতা রবিউল ইসলাম নয়ন তাকে দলবল নিয়ে শান্তিনগর থেকে আটক করে পল্টন থানায় সোপর্দ করেন। পুলিশের আবেদনে আসামি মহিউদ্দিন আহমেদকে আইন সহায়ক পরিষদের সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন বলে (২০০৪-২০০৫) উল্লেখ করা হয়।


জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা সরকারের গুম-খুন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও তার শরিক দলগুলো পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ আয়োজন করে। সেখানে ভুক্তভোগী বেলাল অংশ নেন। সেসময় পুলিশ নির্বিচারে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়ে বাদী বেলাল মাটিতে পড়ে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে কুপিয়ে জখম করেন।


এরপর এক পুলিশ কর্মকর্তার নির্দেশে আরেক পুলিশ সদস্য বাদীর কপালে রাবার বুলেট ছোড়েন। এতে তিনি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লে মৃত ভেবে তাকে একটি গাড়ির নিচে ফেলে রাখা হয়।


পরে অন্য নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা নিতে বাধা দেওয়া হলে পরে বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে দীর্ঘ সময় চিকিৎসা নেন তিনি। পরে সুস্থ হয়ে মামলা করেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com