
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এসব যানবাহনের দুই চালককে আটক করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযান ও অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবির জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল। চক্রটি প্রতিবেশী মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে। উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রবিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিবি। সেখানে অভিযান, উদ্ধার হওয়া অস্ত্র-বিস্ফোরকের উৎস এবং আটকদের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]