
চট্টগ্রামের কর্ণফুলীতে নির্জন স্থানে একটি গাছ থেকে দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় নুরুল আবছার (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ‘এসপির ভিটা’ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল আবছার ওই এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে এক পথচারী নির্জন ওই স্থানে একটি গাছে যুবকের লাশ ঝুলতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ জানান, গাছ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/জাহেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]