এবার অস্কারের মঞ্চে ‘রামায়ণ’
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৭:০০
এবার অস্কারের মঞ্চে ‘রামায়ণ’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

বক্স অফিসে দাপট দেখানোর পর এবার অস্কারের মঞ্চে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামল রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে বিবেচনার জন্য সিনেমাটি জমা দিয়েছেন নির্মাতারা। তবে ভারতের আনুষ্ঠানিক অস্কার মনোনয়ন না পেয়েও কীভাবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছবিটি, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এবারের অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে মারাঠি সিনেমা ‘গোন্ধল’। তবে এই মনোনয়নের বাইরেও অ্যাকাডেমির সাধারণ বিভাগগুলোতে প্রতিযোগিতার সুযোগ রয়েছে অন্য ভারতীয় সিনেমার।


সেই সুযোগই কাজে লাগাতে চাইছেন ‘রামায়ণ’-এর নির্মাতারা। অস্কারের সাধারণ বিভাগে বিবেচিত হতে হলে সিনেমাটিকে যুক্তরাষ্ট্রের নির্ধারিত কয়েকটি অঞ্চলের যেকোনো একটিতে টানা অন্তত সাত দিন প্রেক্ষাগৃহে প্রদর্শনের শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি প্রতিদিন নির্দিষ্টসংখ্যক প্রদর্শনীও থাকতে হবে।


যোগ্যতাসম্পন্ন অঞ্চলগুলোর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি, নিউইয়র্ক সিটি, শিকাগো, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া এবং ডালাস-ফোর্ট ওর্থ। এসব শর্ত পূরণের পর নির্মাতা বা পরিবেশক অ্যাকাডেমির অনলাইন জেনারেল এন্ট্রি ফরমের মাধ্যমে আবেদন করতে পারেন। সঙ্গে দিতে হয় প্রদর্শনীসংক্রান্ত তথ্য ও কলাকুশলীদের বিস্তারিত বিবরণ।


তবে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের প্রতিযোগিতার নিয়ম আলাদা। প্রচলিত নিয়মে প্রতিটি দেশ থেকে একটি সিনেমাই আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়। যদিও নির্দিষ্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃত পুরস্কার অর্জনের মাধ্যমে দেশের আনুষ্ঠানিক নির্বাচনের বাইরে থেকেও এই বিভাগে যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে।


এরই মধ্যে সেই সুযোগ পেয়েছে নাগা ভাষার সিনেমা ‘আং’। ২০২৬ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড জেতায় ছবিটি আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বিবেচিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এদিকে অস্কার নিয়ে আলোচনার মধ্যেই বক্স অফিসেও সাফল্য ধরে রেখেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। গত ৫ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ষষ্ঠ দিন পর্যন্ত ভারতে ৪০৩ কোটি ৯৫ লাখ রুপির বেশি আয় করেছে। বিশ্বব্যাপী আয় প্রায় ৬৭৩ কোটি ৯০ লাখ রুপি।


রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই মহাকাব্যিক সিনেমার বক্স অফিস সাফল্যের পর এবার নজর অস্কারের দিকে। তবে আবেদন জমা দেওয়া মানেই চূড়ান্ত মনোনয়ন নয়। অ্যাকাডেমির যোগ্যতার শর্ত ও বাছাইপ্রক্রিয়া পেরিয়ে ‘রামায়ণ’ শেষ পর্যন্ত মনোনয়ন পায় কি না, সেটিই এখন দেখার বিষয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com