কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, আটক ১
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২২:৪৭
কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, আটক ১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের তালুকদার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


এদিকে, ঘটনার পরদিন সকালে পাশের নগরবাড়ী সাব-পোস্ট অফিস থেকে সুমন মিয়া (৩০) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


বাড়ির গৃহকর্মী জেলেমন বেওয়া জানান, ভোররাতে ছয়জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তাদের একজনের হাতে বন্দুক এবং অন্যদের হাতে রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র ছিল। সবার পরনে শর্ট প্যান্ট ও মুখে কালো মুখোশ ছিল।


ডাকাতরা বাড়ির মালিক মোজহারুল ইসলাম তালুকদারের স্ত্রী নাজনীন সুলতানা রেখা ও গৃহকর্মী জেলেমন বেওয়ার হাত বেঁধে মারধর করে। পরে আলমারি ভেঙে নগদ ছয় হাজার টাকা, দুটি মোবাইল ফোন, আনুমানিক দেড় ভরি স্বর্ণালংকার, বিদেশি কম্বলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।


এদিকে, মঙ্গলবার সকালে ডাকাতির ঘটনাস্থলের কাছেই একই গ্রামের নগরবাড়ী সাব-পোস্ট অফিসের ভেতরে সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে পাওয়া যায়। তিনি ওই গ্রামের ওমর আলী ড্রাইভারের ছেলে।


পোস্টমাস্টার আমিনুল ইসলাম জানান, সকালে অফিসের ভেতরে সুমনকে আটক অবস্থায় পাওয়া যায়। অফিসের দরজার দুটি তালা ভাঙা ছিল এবং ভেতরের কাগজপত্র তছনছ করা অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এ ঘটনায় পোস্ট অফিসের পরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


এদিকে ডাকাতির শিকার বাড়ি ও পোস্ট অফিস পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, ডিবি উত্তরের ওসি এবিএম এস দোহা, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহর আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল আলম শাজাহান এবং নারান্দিয়া টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ স্থানীয় ব্যক্তিরা।


কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, পোস্ট অফিসের ভেতর থেকে পাওয়া সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com