সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি ওসির
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২০:৩৪
সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি ওসির
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে সাক্ষাৎকার নিতে গিয়ে দুই টেলিভিশন সাংবাদিককে জিডি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকরা হলেন- এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন।


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে।


জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া এলাকার ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত ১নং আসামি লিটনকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার অভিযোগের বিষয়ে ওসির বক্তব্য নিতে যান সাংবাদিকরা। এ সময় সাক্ষাৎকার না দিয়ে ওসি ক্ষিপ্ত হন এবং সাংবাদিকদের নাম-পরিচয় নিয়ে থানার পুলিশ সদস্যদের জিডি করার নির্দেশ দেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা।


এ বিষয়ে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের বক্তব্য নেওয়া প্রয়োজন। কিন্তু সাক্ষাৎকার না দিয়ে এ ধরনের আচরণ কাম্য নয়।


নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের যদি থানায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন ওঠে।


পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ বলেন, জিডির ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।


এদিকে পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ঠিক হয়নি। দ্রুত ঘটনার তদন্ত করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


অন্যদিকে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, ‘আজ সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে, তা ওসি ঠিক করেননি। সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন। কীভাবে তিনি উত্তর দেবেন, সেটি তাঁর নিজস্ব বিষয়।’


উল্লেখ্য, এর আগে আমিনপুর থানায় দায়িত্ব পালনকালে ওসি আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা গ্রহণে অর্থ দাবি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা গেছে। পরবর্তীতে তাঁকে বদলি করা হয়। সম্প্রতি তিনি আবার সাঁথিয়া থানায় দায়িত্ব পালন করছেন।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com