চলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৮:০১
চলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারের জন্য সরকার ভর্তুকি রেখেছে ১৭ হাজার কোটি টাকা। কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।


সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান জানতে চান, আন্তর্জাতিক বাজারে সারের দামের ওঠানামার প্রেক্ষাপটে দেশের প্রান্তিক কৃষকদের জন্য ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে চলতি অর্থবছরে সরকার মোট কত ভর্তুকি বরাদ্দ রেখেছে।


এ ছাড়া, পিক সিজনে মাঠপর্যায়ে ডিলার ও মজুতদারদের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপতৎপরতা বন্ধে মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং ব্যবস্থা এবং বিএডিসির মাধ্যমে সরাসরি কৃষকের ডিজিটাল কৃষক কার্ডের ভিত্তিতে ন্যায্যমূল্যে সার ও প্রত্যয়িত বীজ বিতরণে জাতীয় সমন্বিত পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।


জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সার সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকি এবং মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ কার্যক্রমের আওতায় মনিটরিং অব্যাহত রয়েছে।


তিনি বলেন, ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মনিটরিং কার্যক্রমও অব্যাহত রয়েছে।


তিনি আরও জানান, সরকার কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ কর্মসূচির আওতায় কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com