
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয়টি থানা এলাকায় অক্টোবর মাসজুড়ে পরিচালিত বিভিন্ন অভিযানে ৬৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা।
এসএমপির অক্টোবর ২০২৬ মাসের অপরাধ ও অভিযানসংক্রান্ত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে নিয়মিত মামলায় ১৯৫ জন, গ্রেফতারি পরোয়ানা তামিলের মাধ্যমে ১১৮ জন এবং প্রসিকিউশন দাখিলের মাধ্যমে ২৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা ও বিশেষ অভিযানের কার্যক্রমও পরিচালিত হয়েছে। সব মিলিয়ে মাসটিতে ৬৫১ জন আসামিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
উদ্ধার বিপুল পরিমাণ মাদক
অক্টোবর মাসে বিভিন্ন অভিযানে ৫৮২ পিস ইয়াবা, ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৮ বোতল ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯৪ বোতল বিদেশি মদ, ৪০ বোতল কোডিন ফসফেট সিরাপ এবং ২৫ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।
চোরাচালান পণ্য উদ্ধার ৮২ লাখ টাকার
মাদকদ্রব্যের পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য পরিমাণ পণ্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৩৫ হাজার ৮২২ কেজি টমেটো, ৩০৩টি কম্বল, ২৯টি শাড়ি, ৬৪০ প্যাকেট ওয়েফার, ৪৭৪টি রেড ব্লু এনার্জি ড্রিংকস, ১৯০টি বয়াম হরলিক্স, ৩০০ প্যাকেট লবণ, দুই বস্তা সাইট্রিক অ্যাসিড, দুই কার্টন ফেসওয়াশ, ৩০ কার্টন সিরাম, ১০ কার্টন ফেসক্রিম, ১৫০ বোতল তেল, ৪০ বক্স চকলেট, ৩০ প্যাকেট কিসমিস, ৪০টি সাবান, ৮০টি রাইস ফেসওয়াশ, ৩০০ কেজি জিরা, ২ হাজার ৬৪০ পিস জুস, ৬২০ প্যাকেট ফুচকা এবং ৫ হাজার ৮৫০টি মেন্টস রোল।
এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এসএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]