গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২২:৩৭
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় এ ঘটনা ঘটে।


ঘটনার প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি সীমানাপ্রাচীর টপকে ব্যাংক কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে গ্রিলের দরজার সামনে বোতল থেকে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান।


ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, ভোরে সীমানাপ্রাচীর টপকে এক ব্যক্তি ব্যাংকের সামনের দরজার বাইরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি টের পেয়ে কার্যালয়ে থাকা নৈশপ্রহরী দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সামনের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। গ্রিলে আগুনের দাগ পড়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‌‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দীর্ঘস্থায়ী না হওয়ায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু সামনের একটি সাইনবোর্ড পুড়েছে। গ্রিলে সামান্য আগুনের দাগ পড়েছে।’


তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।


এর আগে গত ১৪ অক্টোবর নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের মৌগাতি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com