বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২১:১১
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

অনিয়মের অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় দুদক কর্মকর্তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন।


অভিযান চলাকালে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগও করেন কয়েকজন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের কথাও জানান তারা।


সেবাপ্রার্থীদের অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ ছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগও রয়েছে।


এদিকে দুদকের অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।


অভিযান শেষে সাংবাদিকদের দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে সংগ্রহ করা তথ্য ও নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


অন্যদিকে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও তিনি কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার দাবি, এ অফিসে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই। অফিসের বাইরে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না।


তিনি বলেন, অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/রাজীব/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com