
কালোটাকা দিয়ে ভোট কেনা ও ভাড়া করা শ্রমিক দিয়ে জাল ভোট প্রদানের পরিকল্পনার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহাদী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আশুগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
মাওলানা আশরাফ উদ্দিন মাহাদী বলেন, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে একটি পক্ষ পুরাতন কায়দায় পরিকল্পিতভাবে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বাইরের লোকজন এনে জাল ভোট দেওয়া এবং কালোটাকার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা কামনা করেন।
তিনি আরও বলেন, জনগণ আর পুরাতন অপরাজনীতির পুনরাবৃত্তি চায় না। তারা নতুন বন্দোবস্ত চায়। আমার নির্বাচনি প্রচারণাকালে নবীন, প্রবীনসহ জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।
সংবাদ সম্মেলনে এনসিপির আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, সরাইল উপজেলা প্রধান সমন্বয়কারী মুফতি মোবারক হোসেন, আশুগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম সমন্বয়কারী জয়ন্তী বিশ্বাস, আশুগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়ক আনিসুল ইসলাম দিপু এবং সরাইল উপজেলা যুগ্ম সমন্বয়কারী আজিজুল হকসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]