উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই: সিইসি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০২
উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই: সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই নির্বাচন কমিশন (ইসি)। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তার আহ্বান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ঠিক সাড়ে ১২ ঘণ্টা আগে জাতির উদ্দেশে তার ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচার করা হয়।


সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের। আরো স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি।’


সিইসি বলেন, ‘এই নির্বাচনে ভোটদান কেবল নাগরিক অধিকারই নয়, বরং ‘দায়িত্ব’। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান—শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন।’


‘ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন।’


ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে নাসির উদ্দিন বলেন, ‘ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন।’


নির্বাচনে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সহযোগিতা চেয়ে সিইসি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব—এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’


আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোট পরে হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com