ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ময়মনসিংহের ভালুকায় এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড়ে নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রবীন্দ্র ঋষি (৪৩)।


তিনি ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় ভাড়া বাসায় থেকে সেখানে সেলুনের ব্যবসা করতেন। তার ওপর হামলা চালান একই এলাকার বাবুল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রের সেলুনে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন যুবক সাদ্দাম। এসময় তিনি প্রাণ বাঁচাতে সেলুন থেকে দৌড়ে বের হয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


রবীন্দ্রের পরিবারের অভিযোগ, প্রায় তিন মাস আগে তার মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে স্থানীয়ভাবে একটি সালিস হয়েছিল। ওই ঘটনার জেরে রবীন্দ্রের সঙ্গে সাদ্দামের বিরোধ তৈরি হয়ে থাকতে পারে বলে দাবি পরিবারের সদস্যদের।এছাড়া নিহতের স্ত্রী সূচিত্রা জানান, সাদ্দাম প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন। সেই সঙ্গে সেলুনে চুল কাটিয়ে টাকা পরিশোধ করতেন না। সম্প্রতি টাকা না দেওয়া এবং তার চুল কেটে না দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ চলছিল। আগেও সাদ্দাম রবীন্দ্রকে হত্যার হুমকি দিয়েছিলেন। এই পূর্ববিরোধের জের ধরেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে দাবি করেন সূচিত্রা।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com